মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত শিশুসহ কয়েকজন

মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলিম মোল্লা (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সেলিম মোল্লা চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। এ ঘটনায় তাঁর খালাতো ভাই সবুজ মোল্লা (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আবদুর রহমান নামে চার বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও প্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার সমর্থকেরা চরডুমুরিয়া গ্রামে গিয়ে হামলা চালান। পরে আওলাদ হোসেনের সমর্থকেরা পাল্টা হামলা করেন। একপর্যায়ে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর, রাজারচর, আসুরান, পূর্ব মাকাহাটি ও মোল্লাকান্দি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সেলিম মোল্লাকে হাসপাতালে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর ডান হাত ক্ষতবিক্ষত ছিল।

নিহতের ছোট বোন ফাহিমা আক্তারের দাবি, তাঁর ভাই কোনো পক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। রিকশা চালিয়ে সংসার চালাতেন। সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর চরডুমুরিয়া বাজারের কাছে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।

ফাহিমা আক্তার এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

এর আগে গত ১২ নভেম্বর একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছিলেন। গত বছরের নভেম্বরেও দুই পক্ষের বিরোধে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *