কুমিল্লা শিক্ষাবোর্ডে ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেনা এইচএসসি পরীক্ষায়

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় নিয়মিত ২৫ হাজার ৪৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেনা। এদের মধ্যে বেশীর ভাগই হচ্ছে ছেলে। অন্যদিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ৩টি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বোর্ডের অধীন ছয়টি জেলাতে একই চিত্র দেখা গেছে।

            এ বছর কুমিল্লা বোর্ডে তিনটি পরীক্ষাকেন্দ্র কমেছে। কোনো ভেন্যু কেন্দ্র না থাকলেও কয়েকটি কলেজে উপকেন্দ্র্র রয়েছে। আগামী ২৬শে জুন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে জেলাগুলোতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে এবং অন্যান্য পরীক্ষা সামগ্রী পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।

            বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সালাহউদ্দিন জানান, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে ৫৯ হাজার ৯ জন মেয়ে এবং ৪২ হাজার ৭৪১ জন ছেলে। ১৯২টি কেন্দ্রে ৪৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

            কুমিল্লা জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৫ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ১৫ হাজার ৩৪৮ জন ছেলে এবং ২০ হাজার ১০২ জন মেয়ে। লক্ষীপুর জেলায় সর্বনিম্ন ১০ হাজার ১৭ জন পরীক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে ৪ হাজার ৬৮৭ জন ছেলে এবং ৫ হাজার ৩৩০ জন মেয়ে। এদের মধ্যে ৮৩ হাজার ৭৪ জন নিয়মিত এবং ১৮ হাজার ৬৭৬ জন অনিয়মিত পরীক্ষার্থী।

            কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০২৩ সালে একাদশ শ্রেণিতে ১ লাখ ২৭ হাজার ১৯০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ২৩৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৯৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী ছিল।

            পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, অনেক ছেলেই পড়াশোনায় অমনোযোগী। কেউ কেউ একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর বিদেশে চলে যায়, আবার কেউ সিলেবাসের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ফরম পূরণ করেনি। তবে মেয়েরা তুলনামূলকভাবে পড়াশোনায় বেশি মনোযোগ দেয়। তিনি আরও বলেন, ভেন্যু কেন্দ্র বাদ দিয়ে নতুনভাবে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় স্বচ্ছতা আনতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। পরীক্ষার রুটিন ও কেন্দ্রগুলোর নাম বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *