
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে ভুয়া তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগ জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত বৈঠক করছে এবং সেখান থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাগত সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র বিভিন্ন খাতে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকে, যা তরুণ সমাজের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।
বৈঠকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। এ বিষয়ে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা জানান, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
সাক্ষাতে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।