প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদসহ বিভিন্ন ছুটি মিলিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব রেবেকা সুলতানা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষে উপসচিব মুন্না রাণী বিশ্বাস পৃথক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান ও ঈদ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন ছুটি থাকবে। ২০২৬ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ছাড়া মোট ৬৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মে মাসে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন এবং ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ৮ দিন ছুটি থাকবে। প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ২ দিনও এর সঙ্গে যুক্ত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনেও জানানো হয়েছে, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে একই সময়—১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত—রমজান ও ঈদ উপলক্ষে ছুটি কার্যকর থাকবে।

দুই প্রজ্ঞাপনেই নির্দেশ দেওয়া হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। তবে ভর্তি কার্যক্রম বা বিশেষ প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যেতে পারে।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও বাংলা নববর্ষের মতো জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *