বুড়িচংয়ে বিভিন্ন অনিয়মে ৭ ফার্মেসিকে জরিমানা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলার সদর এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। গত রোববার (২২শে জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

            অভিযানে সহযোগিতা করেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লার ড্রাগ সুপার মোঃ ইকবাল হোসেন, বুড়িচং থানার এসআই লিটন দাস এবং সঙ্গীয় ফোর্স। উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

            অভিযান চলাকালে বুড়িচং সদর হাসপাতাল গেইট সংলগ্ন ৭টি ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

            জরিমানা আদায়ের ফার্মেসি হলো- বুড়িচং সদর হাসপাতাল গেইট সংলগ্ন হেপি মেডিকেল ৫ হাজার টাকা, সততা মেডিকেল ৬ হাজার টাকা, জসিম উদ্দিন মেডিসিন কর্ণার ২ হাজার টাকা, রিয়াদ মেডিকেল ২ হাজার টাকা, রোকেয়া মেডিকেল ৭ হাজার টাকা, রুমা মেডিকো ৫শ’ টাকা ও গাজী মেডিকেল ৫শ’ টাকা।

            অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, স্যাম্পল বিক্রি ও মজুত, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক ওষধ বিক্রি করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী ৭ ফার্মেসির মালিককে ২৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *