নিয়োগ প্রজ্ঞাপনের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবস্থান, স্মারকলিপি দিলেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত নিয়োগ প্রজ্ঞাপন জারির দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার বেলা ১১টায় আন্দোলনরত শিক্ষকদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ স্মারকলিপি তুলে দেয়।

স্মারকলিপি গ্রহণের পর মহাপরিচালক জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে সরকার ইতিবাচক। তবে আন্দোলনকারীরা বলছেন, নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বর্তমানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে রোববার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেন তারা। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দ্রুত যোগদান প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস দিলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন প্রার্থীরা।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

তবে ফল প্রকাশের আড়াই মাস পার হলেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *