মানুষের মতো রোবটদের স্কুলে পাঠাচ্ছে চীন

চীনে চালু হলো রোবটদের জন্য বিশেষ স্কুল, ক্লাসের পাশাপাশি খেলাধুলা ও পিয়ানো শেখানো হচ্ছে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির ধারায় এবার মানুষের মতো দেখতে রোবটদের জন্য বিশেষায়িত একটি স্কুল চালু করেছে চীন। এই স্কুলে রোবট শিক্ষার্থীরা মানুষের মতোই ইউনিফর্ম ও টাই পরে ক্লাসে অংশ নিচ্ছে। শুধু পাঠদানই নয়, তারা পিয়ানো বাজানো, টেবিল টেনিস খেলা, বাস্কেটবল অনুশীলনসহ বিভিন্ন কার্যক্রমেও অংশ নিচ্ছে। এসব দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য হলো, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানবসদৃশ রোবটকে বাস্তব জীবনের জটিল কাজের জন্য আরও দক্ষ করে তোলা। রোবটগুলোর বুদ্ধিমত্তা, আচরণ, সমন্বয় ক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে এখানে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

স্কুলটিতে চারটি বিশেষায়িত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলো হলো কারিগরি শিক্ষা, নার্সিং, শিল্পকলা এবং খেলাধুলা। প্রতিটি কোর্স এমনভাবে সাজানো হয়েছে, যাতে রোবটগুলো মানুষের মতো সূক্ষ্ম ও জটিল কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। ক্লাসরুমের পাশাপাশি মাঠে খেলাধুলা, বাদ্যযন্ত্র অনুশীলন এবং দলগত কার্যক্রমের মাধ্যমেও তাদের ব্যবহারিক দক্ষতা উন্নত করা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রোবট শিক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করছে, পিয়ানো বাজাচ্ছে, টেবিল টেনিস খেলছে এবং বাস্কেটবল কোর্টে অনুশীলন করছে। তাদের গতিবিধি ও কাজের নিখুঁত সমন্বয় প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এআই প্রযুক্তির নতুন সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই প্রকল্পের পেছনে রয়েছে চীনের একটি প্রযুক্তি ও লজিস্টিকস প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের আশা, এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে রোবটগুলো পণ্য পরিবহন, শিল্পকারখানা, স্বাস্থ্যসেবা, করপোরেট ব্যবস্থাপনা এবং অন্যান্য বাস্তব কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। একই সঙ্গে মানুষের বিভিন্ন জটিল কাজেও তারা কার্যকর সহায়তা দিতে পারবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *