আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াট

কারিগরি ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ইউনিটটি পূর্ণ সক্ষমতায় চালু হওয়ায় সন্ধ্যায় জাতীয় গ্রিডে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াটে পৌঁছেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টা ৪ মিনিটে গড্ডা কেন্দ্রের ইউনিট-২ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। পরে ইউনিটটি পূর্ণ ক্ষমতায় উৎপাদনে গেলে সন্ধ্যা ৬টার দিকে সরবরাহের পরিমাণ ১ হাজার ৪৫০ মেগাওয়াটে উন্নীত হয়।

কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইউনিট-২-এর উৎপাদন বন্ধ ছিল। মেরামত শেষে রোববার সেটি আবার উৎপাদনে ফেরানো হয়।

ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটি থেকে বাংলাদেশ মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে থাকে।

২০১৭ সালে বাংলাদেশ ও আদানি পাওয়ারের মধ্যে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় গড্ডা কেন্দ্র থেকে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময় থেকে আদানি পাওয়ার বাংলাদেশে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। দ্বিতীয় ইউনিটটি বন্ধ থাকায় সাম্প্রতিক সময়ে সরবরাহ কমে গিয়েছিল।

দ্বিতীয় ইউনিটটি পূর্ণ সক্ষমতায় ফিরে আসায় জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ল। বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হয় এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশেই সরবরাহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *