
বিষয়টি জানার পর বন্দীদের সাজার বিস্তারিত তথ্য চেয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেদ্দা শাখায় চিঠি দিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। গত ১৯ অক্টোবর পাঠানো ওই চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত রায়ের সারসংক্ষেপ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সৌদিতে দণ্ডিত বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা নিশ্চিত করার স্বার্থে দেশটির কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে।
২ হাজার ৪৬১ বন্দীর তালিকায় তথ্যের ঘাটতি
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশি ২ হাজার ৪৬১ জন বন্দীর একটি তালিকা পাঠায়। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আওতাধীন বিভিন্ন কারাগারে থাকা এসব বন্দীর কারও বিরুদ্ধে মামলার বিচার চলছে, আবার কারও ক্ষেত্রে আদালতের রায় হয়েছে।
তালিকাটি পর্যালোচনা করতে গিয়ে কনস্যুলেট দেখতে পায়, ২২ জনের ক্ষেত্রে তাঁদের ‘দণ্ডপ্রাপ্ত’ হিসেবে উল্লেখ করা হলেও রায়ের সারসংক্ষেপের ঘরটি ফাঁকা রয়েছে। ফলে তাঁদের কী ধরনের সাজা দেওয়া হয়েছে কিংবা সাজার মেয়াদ কত, তা জানা সম্ভব হচ্ছে না।
এ কারণে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কনস্যুলেটের ভাষ্য অনুযায়ী, বন্দীদের বিষয়ে নির্ভুল তথ্য থাকা প্রয়োজনীয় কনস্যুলার দায়িত্ব পালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২২ বাংলাদেশির বিরুদ্ধে যেসব মামলা
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী, ওই ২২ বাংলাদেশির মধ্যে আটজনের বিরুদ্ধে হত্যা মামলায় বিচার হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে মাদক পাচার এবং পাঁচজনের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার-সংক্রান্ত মামলা রয়েছে। এ ছাড়া দুজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের অভিযোগ, একজনের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং অন্য একজনের বিরুদ্ধে ব্যভিচার-সংক্রান্ত মামলা রয়েছে।
বন্দীদের ছয়জন জেদ্দার জাহবান কারাগারে, ছয়জন শুমাইসি কারাগারে এবং চারজন জেদ্দা জেনারেল কারাগারে রয়েছেন। বাকি ছয়জন নাজরান, খামিস, আল-বাহা, হাদ্দাহ ও জেদ্দার নারী কারাগারে বন্দী রয়েছেন।
তবে মামলার ধরন দেখে কারও সাজা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিশেষ করে হত্যা মামলায় সৌদি আইনে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন ধরনের সাজা হতে পারে। আবার নির্দিষ্ট পরিস্থিতিতে রক্তপণ বা ক্ষমার মাধ্যমে মামলার নিষ্পত্তির সুযোগও থাকতে পারে। তাই ওই ২২ জনের মধ্যে কারও মৃত্যুদণ্ড হয়েছে কি না, তা রায়ের তথ্য ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।
রায়ের তথ্য না থাকলে বাড়ে আইনি জটিলতা
বন্দীদের সাজার বিস্তারিত তথ্য না থাকায় তাঁদের পক্ষে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়ে। আপিলের সুযোগ, আইনজীবী নিয়োগ, রক্তপণ নিয়ে সমঝোতা কিংবা ক্ষমার আবেদন—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আদালতের রায় গুরুত্বপূর্ণ।
এমন পরিস্থিতিতে সৌদিতে বন্দী বাংলাদেশিদের পরিবারও অনিশ্চয়তার মধ্যে থাকেন। সম্প্রতি নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এরপর বন্দীদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে উদ্যোগী হয়েছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।
বন্দীদের মুক্তি ও ক্ষমার আবেদন
২ হাজার ৪৬১ বাংলাদেশি বন্দীর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো আরেকটি চিঠিতে কনস্যুলেট কয়েকটি বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে। এর মধ্যে রয়েছে সাজা ভোগের মেয়াদ শেষ হওয়া বন্দীদের দ্রুত মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো, ভালো আচরণের অধিকারী বন্দীদের রাজকীয় ক্ষমার বিবেচনায় আনা এবং প্রথমবার আটক হওয়া ও ছোটখাটো অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অবশিষ্ট সাজা মওকুফের উদ্যোগ নেওয়া।
এ ছাড়া বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
অন্যদিকে, আরও দুজন বাংলাদেশির গ্রেপ্তারের বিষয়ে তাঁদের পরিবারের উদ্বেগের কথা জানিয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কনস্যুলেট। পরিবারগুলোর দাবি, তাঁদের স্বজনদের গ্রেপ্তার করা হলেও কেন এবং কোথা থেকে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে তারা স্পষ্ট তথ্য পায়নি।
এসব বিষয়ে সৌদি কর্তৃপক্ষের জবাব এখনো পাওয়া যায়নি। ফলে বন্দী ২২ বাংলাদেশির সাজার প্রকৃত বিবরণ এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।