
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জিলহজ মাসের চাঁদ দেখতে সৌদি আরবের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৫ মে) দেওয়া এক ঘোষণায় আকাশে নতুন চাঁদ পর্যবেক্ষণে অংশ নিতে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী রোববার (১৭ মে) বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সে অনুযায়ী সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।