
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একই প্রতিষ্ঠানের আরও এক কর্মী। হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে খুঁজছে পুলিশ।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টার পর ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। একই সময় ৩৯ বছর বয়সী আরেক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ৪৪ বছর বয়সী ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত অন্য কর্মীর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
তবে হামলাকারী রেস্তোরাঁর ভেতরে অবস্থান করে গুলি চালিয়েছিলেন, নাকি বাইরে থেকে গুলি করা হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা।
কী কারণে এ হামলা চালানো হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত ও আহত দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।