লালমাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার লুণ্ঠনের সরঞ্জাম ও পিকআপসহ বিভিন্ন মালামাল উদ্ধার

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (১৬ই আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

              কুমিল্লা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কুমিল্লার একটি বিশেষ অভিযানিক দল লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ থেকে ২ জনকে আটক করা হয়। পরে গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

              পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোববার রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হয়ে পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির বিশেষ অভিযানিক দল লালমাই বাজার এলাকায় অবস্থান নেয় এবং ডাকাতি সংঘটনের পূর্বেই ৫ জনকে সরঞ্জামসহ আটক করে।

              গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়। তাদের সর্দার জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

              গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের সদর থানার হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫৩), একই জেলার হাজীগঞ্জ থানার মো. মামুন মিজি (৪৫), ফরিদগঞ্জ থানার মো. কবির ভূঁইয়া (৪০), সদর থানার মো. রবিউল আলম (৩৫) এবং ফরিদগঞ্জ থানার মো. নজরুল ইসলাম (৩৫)।

              অভিযানে একটি লোহার বেল্ট কাটার, একটি সেলাই রেঞ্চ, একটি প্লাস, একটি লোহার রড, দু’টি কাঠের হাতযুক্ত কিরিচ, একটি কাঠের হাতযুক্ত হাসুয়া, একটি কালো রঙের কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ গাড়ি এবং একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার