৪ মাসের মধ্যে ব্যবহার উপযোগী করে তোলার নির্দেশ সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

              নিজস্ব প্রতিনিধি\ ঢাকা মহানগরীর যানজট কমাতে সায়েদাবাদ থেকে বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ বাস্তবায়ন করবে। আগামী ৪ মাসের মধ্যে টার্মিনালের কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।

              গত বুধবার (৮ই জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

              সভা সূত্রে জানা গেছে, ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

              ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী যাত্রাবাড়ী (সায়েদাবাদ) বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে কাঁচপুরে প্রস্তাবিত টার্মিনালটি আগামী ৪ মাসের মধ্যে ব্যবহার উপযোগী করে তুলতে স্থায়ী টয়লেট নির্মাণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশনা দেয়।

              প্রস্তাবিত কাঁচপুর বাস টার্মিনালের শেড, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কসহ আনুষঙ্গিক স্থাপনা নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণের লক্ষ্যে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে কাজটি বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়।

              প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এর আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস স্থাপন, শেডের ছাদের জন্য ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট স্থাপন, ১২০টি টিকিট কাউন্টার নির্মাণ, ৩২টি টয়লেট নির্মাণ এবং টিকিট কাউন্টার ও চারপাশে পার্টিশনসহ বিভিন্ন আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *