দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বাংলাদেশি, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত বুধবার সংঘটিত এই অগ্নিকাণ্ডে সাতটি দেশের মোট ২২ জন প্রাণ হারান। নিহত বাংলাদেশি হলেন ৪৪ বছর বয়সী মো. নুরুল আমিন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

হাইকমিশন আরও জানায়, ৩ জুনের ওই অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার জন্য নয়াদিল্লির নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে অবস্থানরত পরিবার দুটি ঘটনাকালে ওই হোটেলেই ছিলেন।

বর্তমানে আহত বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ হাইকমিশন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ম্যাক্স হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের চিকিৎসা, প্রয়োজনীয় সহায়তা ও জরুরি সেবা নিশ্চিত করতে হাইকমিশনের কর্মকর্তারা সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড় সমন্বয় করছে বাংলাদেশ হাইকমিশন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *