
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক বলে জানিয়েছে নেপাল পর্যটন বোর্ড।
দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।
নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, অন্তত ২৬টি দেশের নাগরিক এই তালিকায় রয়েছেন।
সীমান্তগামী পর্যটকরাই বেশি ঝুঁকিতে
ট্যুর অপারেটরদের তথ্যের ভিত্তিতে পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের অধিকাংশই ভারত-নেপাল সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাত্রা করেছিলেন। দুর্যোগের সময় আকস্মিক বন্যা ও ভূমিধসে সীমান্তবর্তী বিভিন্ন সড়ক ও জনপদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। কোথাও কোথাও পানির প্রবল স্রোতে পুরো গ্রাম ও ঘরবাড়ি ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
শতাধিক মানুষ উদ্ধার
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রসুয়া জেলার ভোতকোশি নদীসংলগ্ন এলাকা থেকে পুলিশ ১১৪ জনকে উদ্ধার করেছে। একই সময়ে নেপালের সেনাবাহিনীও ৮০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকা থেকে বের করে আনা হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল, ধ্বংসস্তূপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
শোকে স্তব্ধ নেপাল
ভয়াবহ এই দুর্যোগে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও মর্মাহত বলে উল্লেখ করেন।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের পর কোনো ধরনের বিলম্ব না করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করতে সরকারের সব ধরনের সক্ষমতা ও সম্পদ কাজে লাগানো হয়েছে।
নেপালের পাহাড়ি অঞ্চলে উদ্ধার অভিযান যত এগোচ্ছে, ততই ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। – বিবিসি