আগামী ৫ বছর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবেঃ আবুল কালাম এমপি লাকসামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ এবং বৃক্ষ রোপন

              ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসাম উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ১ হাজার ৫০ পরিবারের মাঝে চাল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

              গত শনিবার (৪ঠা জুলাই) লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১ হাজার উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে মোট ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি ৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

              ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আপনারা আমাদের সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের সেবা করাই আমাদের দায়িত্ব। আগামী ৫ বছর আমরা জনগণের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবো। তিনি দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহারেরও আহŸান জানান।

              অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সরকার প্রতিবছর সহায়তা দেবে- এমন মানসিকতার পরিবর্তে সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে। নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে হবে না।

              প্রধান অতিথি উপকারভোগীদের হাতে চাল, নগদ অর্থের চেক ও ঢেউটিন তুলে দেন। পরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। সবশেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।

              বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন।

              এছাড়াও অনুষ্ঠানে লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. ফরিদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *