
রাজধানীর গণপরিবহনে যাত্রীচাপ সামাল দিতে মেট্রোরেলের লাইন-৬ আগামী ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে একই বছরের জানুয়ারি থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের সময় এই ট্রায়াল রান অনুষ্ঠিত হবে, যাতে বিভিন্ন প্রযুক্তিগত ও পরিচালনাগত বিষয় যাচাই করা যায়।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রসারিত অংশের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। চলতি বছরের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি নতুন স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ সার্বিক কাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বহির্গমন পথ এবং অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ চলছে।
এ পর্যন্ত কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদের নির্মাণ শেষ হয়েছে। শিগগিরই স্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হওয়ার আশা করা হচ্ছে।
এদিকে স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন এবং ভেতর-বাইরের রঙের কাজ চলমান রয়েছে। পাশাপাশি উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে যাচ্ছে।
উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রোরেল লাইনে বাণিজ্যিক যাত্রীসেবা চালু হয়েছিল। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ শেষ হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে, যা যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত করবে।